দীর্ঘ ১২ বছর পর ইরাক যুদ্ধের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
ইরাক যুদ্ধের ভুলের কারণেই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।
সিএনএন এর সঙ্গে একটি সাক্ষাৎকারে ব্লেয়ার এ স্বীকারোক্তি দেন। সাক্ষাৎকারটি এখনো প্রচারিত হয়নি।
বিবিসি জানিয়েছে, সাক্ষাৎকারে ব্লেয়ার বলেন, আমাদের যারা সাদ্দামকে উৎখাত করেছিল আজকের ইরাক পরিস্থিতির জন্য তাদের কিছু না কিছু দায় আছে।
তবে একইসঙ্গে ইরাকে আগ্রাসনের পক্ষ সমর্থন করেও তিনি বলেন, সাদ্দামের পতন ঘটানোর জন্য ক্ষমা চাওয়া কঠিন। তাছাড়া, ওই আগ্রাসন চালানো না হলে ইরাক আজ সিরিয়ার মত গৃহযুদ্ধে নিমজ্জিত হতে পারত।
সাক্ষাৎকারে ব্লেয়ার ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনের পতনের জন্য ক্ষমা না চাইলেও দেশটিতে আগ্রাসনের কয়েকটি বিষয় নিয়ে ক্ষমা চেয়েছেন।
ব্লেয়ার বলেন, সাদ্দামের পতন নিয়ে তিনি দুঃখিত নন, তবে ইরাক আগ্রাসনের সময় পাওয়া গোয়েন্দা তথ্যের ভুল এবং পরিকল্পনার ভুলের জন্য তিনি ক্ষমাপ্রার্থী।
ইরাক যুদ্ধই সেদেশে এবং সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এর উত্থানের প্রধান কারণ ছিল কি-না- এ প্রসঙ্গে ব্লেয়ার বলেন, “এর মধ্যে সত্যের উপাদান তো আছেই।”
তিনি আরও বলেন, “আমরা যারা ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করেছিলাম, আপনি বলতে পারেন না, ২০১৫ সালের পরিস্থিতির জন্য তাদের কোনো দায় নেই। কিন্তু ২০১১ সালে আরব দেশগুলোতে শুরু হওয়া আন্দোলনও আজকের ইরাক পরিস্থিতিতে প্রভাব ফেলেছে এ বিষয়টিও উপলব্ধি করা জরুরি।”


