রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে বোমাহামলা ও পুলিশ হত্যার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার কথাই আবার প্রমাণ করল। আর কত ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের কুম্ভকর্ণের ঘুম ভাঙবে, এটিই দেশবাসীর প্রশ্ন। রোববার এক বিবৃতিতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এ মন্তব্য করেছেন।
গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বোমা হামলায় স্কুলছাত্র হত্যা ও পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) হত্যাকাণ্ডের নিন্দা জানান বি. চৌধুরী। বলেন, এসব ঘটনা আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের আরো একটি ব্যর্থতার নজির স্থাপন করল। আমি এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করছি।


