বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশে নিজ দেশের নাগরিক হত্যার বিচার চায় জাপান

Japani-Killedহোশি কুনিও হত্যার বিচার চায় জাপান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে রবিবার সাক্ষাৎ করেন। সাক্ষাতে হোশি কুনিও হত্যার সুবিচার চান জাপানের রাষ্ট্রদূত।

কূটনীতিক একাধিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত হোশি কুনিও হত্যার ঘটনা নিয়ে বিস্তারিত আলাপ করেন। জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানান, কুনিও হত্যার ঘটনায় বাংলাদেশে কর্মরত জাপানের নাগরিকদের মনোবলে চিড় ধরেছে। বাংলাদেশ যে বিদেশীদের জন্য নিরাপদ তা প্রমাণ করা এবং জাপানের নাগরিকদের মনোবল পুনরুদ্ধারে কুনিও হত্যার সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো প্রয়োজন।

হোশি কুনিও হত্যার ঘটনা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাতে দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

মাসাতো ওয়াতানাবে পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশের উন্নয়নে জাপান সবসময়ই পাশে থাকবে। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হতে জাপান বাংলাদেশকে সহায়তা করবে।

বাংলাদেশ-জাপান দুই দেশের মধ্যে গত বছর থেকে সচিব পর্যায়ের বৈঠকের (এফওসি) সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত এফওসি বৈঠকের কথা উল্লেখ করে জানান, দুই দেশের সম্পর্ক এখন ‘সার্বিক অংশীদারিত্বমূলক’ পর্যায়ে উন্নীত হয়েছে। সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও নতুন মাত্রায় উন্নীত হবে।

পররাষ্ট্রমন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ সরকার জাপানের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে। পরস্পরের স্বার্থে বাংলাদেশে বিনিয়োগের জন্য পররাষ্ট্রমন্ত্রী জাপানের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন