যুক্তরাষ্ট্রের টেক্সাসের পর এবার রাজনৈতিক আশ্রয়ের দাবিতে লুইজিয়ানায় আমরণ অনশন শুরু করেছে ১০ বাংলাদেশিসহ ১৪ জন বন্দি। এদিকে, ডিটেনশন সেন্টার থেকে মুক্ত হয়ে এসে তিন বাংলাদেশি মানব পাচারকারীদের শাস্তির দাবি জানিয়ে এভাবে দেশান্তরী হওয়ার চেয়ে দেশে সাধারণ জীবন যাপন অনেক ভালো বলে মন্তব্য করেছেন। বাংলাদেশের সিলেট অঞ্চল এবং রাজধানীতে মানবপাচারকারীরা বেশি সক্রিয় বলে দাবি, নিউইয়র্কের মানবাধিকার সংগঠনগুলোর।
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের দাবিতে টেক্সাসের এলপাসো ‘ডিটেনশন সেন্টারে’বাংলাদেশিদের অনশন শেষ হতে না হতেই; এবার বেরিয়ে এলো বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারের নতুন তথ্য। রাজনৈতিক আশ্রয় প্রার্থনা বাতিল হওয়া অনশনকারীদের প্রত্যেকেই দালালের মাধ্যমে গড়ে প্রায় ২৫ লাখ টাকার বিনিময়ে অবৈধ পথে আসে যুক্তরাষ্ট্রে।
এ অবস্থায় মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কসহ মানবাধিকার সংগঠনগুলো।
এদিকে, এলপাসোতে অনশন ভাঙলেও লুইজিয়ানা অঙ্গরাজ্যের জেনা শহরে লাসালে ডিটেনশন সেন্টারে বেশ কয়েকদিন ধরে অনশন করছে ১০ বাংলাদেশিসহ ১৪ জন বন্দি। তাদের মুক্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কর্তৃপক্ষর প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন ড্রাম।
যুক্তরাষ্ট্রে বিএনপিকে তৃতীয় স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করায় ওই দলের পরিচয়ে রাজনৈতিক আশ্রয়-প্রত্যাশীদের অধিকাংশের আবেদন নাকচ হয়ে যাচ্ছে। সম্প্রতি এমন আরও এক অভিবাসীর আবেদন নাকচ করে দেন টেক্সাস আদালত।
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


