শৈল্পিক ছোঁয়ায় বাণিজ্যিক ভাবনা- ঠিক এ ফর্মুলায় এগোতে চাচ্ছেন নির্মাতা অনন্য মামুন। এ পরিকল্পনা থেকেই টিভি তারকা তিশাকে নিয়ে নির্মাণ করছেন পূর্ণদৈর্ঘ ছবি ‘অস্তিত্ব’। শিগগিরই শুরু হচ্ছে এর শেষ ভাগের শুটিং। যদিও বাণিজ্যিক ঘরানার ছবি দিয়েই এ পরিচালকের আত্মপ্রকাশ। দর্শকদের ধারণা পাল্টে দিতেই অস্তিত্ব নিয়ে ব্যস্ত রয়েছেন এ পরিচালক।
গেল সেপ্টেম্বরে শুরু হয়েছিল এ ছবির শুটিং। মাঝে দুই লটের কাজ শেষ করে আগামীকাল থেকে শেষ ভাগের শুটিং শুরু করছেন। ঢাকা, বান্দরবান, রাঙ্গামাটিসহ বেশকিছু মনোরম লোকেশনে এবারের শুটিং করা হবে বলে পরিচালক জানান। নাট্যাংশের পাশাপাশি গানের শুটিংও এ লটে শেষ করা হবে।
এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধে অভিনয় করছেন তিশা ও আরিফিন শুভ। সঙ্গে রয়েছেন নিঝুম রুবিনা, সুচরিতা, সুজাতা, আজিম, কাবিলাসহ আরও অনেকে।
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



