স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সোমবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে পূর্বঘোষিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। এসময় শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করা হলেও দাবি পূরণে কাজ শুরু করেনি সরকার।
সবশেষ, ২০১৩ সালে আন্দোলনে নেমেছিলেন ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এসময়, ৩ মাসের মধ্যেই সমস্যার সমাধান করা হবে, শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসের পর, আন্দোলন প্রত্যাহার করা হয়। তবে, ২ বছর পরও কোন ফলাফল না আসায়, আবারো আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে দাবি শিক্ষকদের। সমস্যা সমাধানে শিগগিরই কার্যকর পদক্ষের নেয়া না হলে, এই কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।


