টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের প্যানেল আইনজীবী ব্যারিস্টার মো. ইয়াসিন খান সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন।
ইয়াসিন খান সাংবাদিক বলেন, ‘মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে।’
এর আগে খেলাপি ঋণের কারণে নির্বাচনে কাদের সিদ্দিকীর প্রার্থিতা ইসি বাতিল করলেও হাইকোর্টের আদেশে ২২ অক্টোবর সব প্রার্থীদের সঙ্গে তাকেও প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। ওই দিনই ইসির প্যানেল আইনজীবী মোহাম্মদ ইয়াসিন খান বলেন, হাই কোর্টের ২১ অক্টোবরের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তারা।
কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ‘ঋণ খেলাপ করেছে’ যুক্তি দেখিয়ে গত ১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে তা ১৮ অক্টোবর খারিজ হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি ২০ অক্টোবর হাই কোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন আদালত কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশসহ রুল দেয়।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী। গত ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
এরপর নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ১০ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


