টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মাথায় নতুন ভাবনা গজিয়েছে। তিনি সিলেকশন গ্রেডের একটি বিকল্প ভাবনা ভেবেছেন। অবশ্য তা শুধু কর্মকর্তাদের জন্যই।
অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না থাকলেও ব্লকড পদে থাকা কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ১০ বছর পর উচ্চতর গ্রেডে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া ক্যাডার কর্মকর্তাদের ক্ষেত্রে ১০ বছর চাকরি করে পঞ্চম গ্রেডে, ১২ বছর চাকরির পর চতুর্থ গ্রেড, ১৪ বছর পর তৃতীয় গ্রেড, ১৬ বছর পর দ্বিতীয় গ্রেড এবং ২০ বছর পর ১ নম্বর গ্রেডে যাওয়ার বিষয়টি নির্ধারণ করতে যাচ্ছে সরকার। তবে বেতন কাঠামোর গেজেটে এসব কিছুই থাকছে না। তাতে শুধু বেতন-ভাতার উল্লেখ থাকবে। উচ্চতর গ্রেডে যাওয়া কিংবা পদোন্নতির বিষয়গুলো নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নীতিমালা জারি করবে।
এদিকে মন্ত্রিসভা, বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তুতি নিয়ে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। আইন মন্ত্রণালয় জানিয়েছে, যেহেতু ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং এতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল থাকছে না, তাই গত ৩০ জুনের পর যেসব কর্মকর্তা-কর্মচারী এসব সুবিধা ভোগ করছেন, তা বাতিল হয়ে যাবে। যেহেতু নতুন স্কেল ১ জুলাই থেকে কার্যকর হবে এবং তাতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল থাকবে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু জানান, নভেম্বর মাসের প্রথম দিকে নতুন বেতন কাঠামোর গেজেট জারি হয়ে যাবে।


