আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন। সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ সময় বিকেল তিনটা ৯ মিনিট ৩১ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে দুই হাজার ৩১১ কিলোমিটার দূরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে।
আবহাওয়াবিদ জাকির হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও জানানো হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭ দশমিক ৬, যা শক্তিশালী ভূমিকম্প।
৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান। সোমবার বিকেলে আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতে এই ভূমিকম্পে ওই ছয় দেশের বিস্তৃত এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়।


