পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম (৩৬) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে খুলনার গাজি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রেজাউল ইসলাম জিয়ানগর উপজেলার বৌডুবি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। রেজাউল ইসলাম একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে রেজাউল ইসলাম মোটরসাইকেলে পিরোজপুর ডায়াবেটিক সমিতিতে ঢোকার সময় শহরের বাইপাস সড়কে একটি বাস তাঁকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন রাত সাড়ে আটটায় বলেন, এ ঘটনায় বাসের চালক মো. রনি ও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।


