মেহেরপুর মুজিবনগর (তৎকালীন সদর) উপজেলার গোপালপুর গ্রামের আক্তারুজ্জামান আতাই হত্যা মামলায় আদালত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাক্ষ্যপ্রমাণে দোষী প্রমাণিত না হওয়ায় একই মামলায় ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন। যাবজ্জীবন প্রাপ্ত দুই আসামিসহ অপর ৪জন আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কালু হোসেন (৪৮) ও বাবলু হোসেন (৪৫)। কালু হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভগিরতপুর গ্রামের আক্কাস আলীর ছেলে এবং বাবলু হোসেন একই উপজেলার কালিয়াবকরি গ্রামের পটল বিশ্বাসের ছেলে।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- চরমপন্থি সংগঠন লাল্টু বাহিনীর প্রধান চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের সিরাজ আলীর ছেলে নুরুজ্জামান লাল্টু, মৃত রুহুল আমিনের ছেলে আব্দুল কাদের, লালু মিয়া, মুক্তি হোসেন, মল্লিক হোসেন ও খলিলুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৩ সালের ১৪ মে রাতে ১০/১২ জনের একদল সন্ত্রাসী মেহেরপুরের মুজিবনগর উপজেলার (তৎকালীন সদর) গোপালপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আক্তারুজ্জামান আতাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে গ্রামের একটি আমবাগানে গুলি ও গলাকেটে করে হত্যা করে। পরদিন নিহত আতাইয়ের বাবা আব্দুল কাদের বাদী হয়ে সদর থানায় ৩০২/৩৪ ধারায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ২০জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আজ সোমবার আদালত এই রায় দেন।


