বুধবার ৪ নভেম্বর ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন মোবাইলে দেওয়ার প্রস্তাব

Mobile-Banking-সরকারি বেতন মোবাইলেমোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদানের সুপারিশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ঢাকা চেম্বার অডিটরিয়ামে আয়োজিত ‘মোবাইল ফিন্যান্সিং সার্ভিসেস’ বিষয়ক এক গোলটেবিল আলোচনায় সংগঠনের সভাপতি হোসেন খালেদ এ সুপারিশ করেন। রবিবার মতিঝিলের ওই অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

ডিসিসিআই সভাপতি মোবাইল ব্যাংকিং সেবাকে শুধুমাত্র টাকা পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে আরও বৃহৎ পরিসরে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান এবং গ্যাস-বিদ্যুৎ ও পানি প্রভৃতি সেবার বিল প্রদানের ক্ষেত্রে জনগণকে আরও উৎসাহিত করার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অতীব জরুরি, অনগ্রসরমান জনগোষ্ঠীকে আর্থিকখাতের সুবিধা প্রদানের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, প্রাপ্ত অনুযায়ী দেখা যায়, ২০১২ সালের মার্চ পর্যন্ত দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে মাত্র ০.৫০% লোক ‘মোবাইল ফিন্যান্সিং সার্ভিসেস’ ব্যবহার করেছে এবং ২০১৫ সালের জুন মাসে এর ব্যবহারকারীর সংখ্যা ২৩% বৃদ্ধি পেয়েছে।

এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এ সেবাকে জনগণের দোরগোরায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এ খাতের ব্যবসায়ী, উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি এ খাতের সাথে সংশ্লিষ্ট সকলের মধ্যে সহযোগিতা ও বিশ্বাস বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং মোবাইল ব্যাংকিং ব্যবহার বাড়াতে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নির্ধারিত আলোচনায় বিক্যাশ’র চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মনিরুল ইসলাম, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল কাসেম মো. শিরিন, গ্রামীণফোন লিমিটেডের ডিরেক্টর ইশতিয়াক হোসাইন চৌধুরী, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রায়হান উল আমিন, বাংলালিংক ডিজিটাল কমিনিউনিকেশন্স লি. র হেড অব গভর্নমেন্ট রিলেশন অ্যান্ড রেগুলেটরি স্ট্রাটিজি মাসহিদ রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি মেম্বার প্রফেসর ড. রোকনুজ্জামান, বিয়াক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংক’র সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ এ রুমি আলী, ডিসিসিআই সমন্বয়কারী পরিচালক খ. আতিক-ই-রাব্বানী, এফসিএ এবং এসএসএল ওয়্যারলেস লিমিটেডের জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তী অংশগ্রহণ করেন।

আলোচকবৃন্দ তথ্য যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের ডাটাবেইজ ব্যবহারের অনুমতি প্রদান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ সংস্থা গুলোর সাথে যথাযথ সমন্বয় সাধন, এ খাতে আরোপিত সার্ভিস চার্জ কমানো, সমন্বিত নীতিমালা প্রণয়ন, প্রযুক্তিগত উৎকর্ষ সাধন এবং আরো বেশি সংখ্যক জনগোষ্ঠীকে এ সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেন। ডিসিসিআই আহবায়ক সৈয়দ আলমাস কবীর আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ২ কোটি ৯০ লাখ বৈধ নিবন্ধিত গ্রাহক মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করছে।

আরও পড়ুন