বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ব নাই। দেশে জঙ্গি বলতে হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, বাংলা ভাইসহ (জেএমবি) সব জঙ্গি সংগঠন বিএনপি জামায়াতের বিভিন্ন রূপ। মন্তব্যটি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যলয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
পশ্চিমা দেশের কর্তাদের প্রতি ইঙ্গিত করে হানিফ বলেন, বাংলাদেশে জঙ্গি খুঁজতে এলে অন্য কাউকে খোঁজার দরকার নাই, বিএনপি জামায়াতের মধ্যেই তাদের পাবেন।
জেল হত্যা দিবস উপলক্ষে সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে এই আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ৯২ দিন যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, পবিত্র শবে বরাতের রাতে তখন যারা পেট্রলবোমা মেরে বাসে ঘুমন্ত মানুষকে হত্যা করেছে, তারাই ধর্মের কথা বলে পবিত্র আশুরায় বোমা মেরে মানুষ হত্যা করেছে।
সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা জিয়া বিদেশে বসে এখন ষড়যন্ত্র করে যাচ্ছেন। নাশকতা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের পাড়া মহল্লায় পাহারা দিয়ে সন্ত্রাস ঠেকানোর আহ্বানও জানান তিনি।
সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আইএস এর কথা বলে প্রকৃত ঘটনার সঙ্গে জড়িতদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টা করে কোনো লাভ নেই, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হবেই। অপরাধী যে দলেরই হোক না কেন, ছাড় নেই।


