নগরীতে একটি কারখানার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নগরীর ইপিজেড থানাধীন কর্ণফুলী ইপিজেডের ২ নম্বর সড়কের এসওএস আউটফিট কারখানায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া তিন শ্রমিক হলেন- রেজাউল (৩০), আরিফ (৩৫) ও শাহ আলম (৩২)। এদের মধ্যে রেজাউলের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরে ও শাহ আলমের বাড়ি খুলনা জেলার মংলা থানায়। অন্যজনের গ্রামের ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, কারখানার ৮ ফুট লম্বা ৮ ফুট চওড়া সেপটিক ট্যাংকটি নির্মাণাধীন অবস্থায় ছিল। ২০-২২ দিন আগে সেপটিক ট্যাংকটির ঢালাই কাজ শেষ হয়। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ সরাতে সেপটিক ট্যাংকটিতে নামলে গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যু হয় তিন শ্রমিকের। স্থানীয় লোকজন এসে তিনজনের লাশ উদ্ধার করে।
ইপিজেড থানার ওসি (তদন্ত) জাবেদ মাহমুদ জানান, সকাল থেকে নির্মাণাধীন এ ভবনে রফিক ঠিকাদার নামে একজনের অধীনে ৩০-৪০ জন শ্রমিক কাজ করছিল। এদের মধ্যে ৩ জন সেপটিক ট্যাংকের বাঁশ সরাতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। লাশ ৩টি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


