বুধবার ৪ নভেম্বর ২০২৬

অশ্লীলতার দায়ে বাংলা সিনেমা ভীতু’র প্রদর্শন বন্ধ

Bheetu-2015অশালীনতার অভিযোগ তুলে একটি বাংলা ছবির প্রদর্শনী মাঝপথে বন্ধ করে দিয়েছে নয়াদিল্লির বেঙ্গলি অ্যাসোসিয়েশন। রাজধানীর বাঙালি মহলে এমন ঘটনা এই প্রথম। বেশ কিছুদিন ধরেই প্রতি মাসের শেষ রবিবার বাংলা ছবি দেখানোর আয়োজন করে অ্যাসোসিয়েশন। গত রবিবার দেখানো হচ্ছিল উৎসব মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ভীতু’। ছবির বিষয় শিশুদের উপর যৌন নিগ্রহ। পরিচালকের দাবি, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যখন তাঁর ছবিটি দেখানোর জন্য বাছা হয়, তখন তাঁকে বলা হয়েছিল, দিল্লির মতো শহরে এমন বিষয় নিয়ে ছবি দেখানো খুব দরকার।

তা হলে ছবি দেখাতে গিয়ে সমস্যা হল কেন? অ্যাসোসিয়েশন সূত্রের খবর, ছবিটিতে শিশু নিগ্রহ এবং হস্তমৈথুনের দৃশ্য রয়েছে। যা দেখে গেল গেল রব উঠেছে প্রেক্ষাগৃহ জুড়ে। রবিবার দর্শকাসন থেকে কিছু মহিলা ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন।

অশ্লীলতার অভিযোগ তোলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন সেনগুপ্তও। তখন বেঙ্গল অ্যাসোসিয়েশনের কর্তাদের সিদ্ধান্তে ছবিটি মাত্র ১৫ মিনিট চলার পরেই বন্ধ করে দেওয়া হয়। তপনবাবুর কথায়, ‘‘সিনেমা হলে এ রকম ছবি চলতেই পারে। কিন্তু মুক্তধারা অডিটোরিয়াম, যেখানে শিশু ও বয়স্কদের নিয়েই মূলত ছবি দেখতে আসেন মানুষ সেখানে এমন ছবি চালানো যায় না।’’

কিন্তু ছবিটি তো প্রাপ্তবয়স্কদের জন্য ছিল। তার বিষয়বস্তু জেনেই তো ছবিটি নির্বাচন করা হয়েছিল। ছবি আনার আগে অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্ক্রিনিং কমিটি কি ছবি দেখেনি? স্ক্রিনিং কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য সৌরাংশু সিংহ এই অপ্রীতিকর ঘটনার জন্য সংস্থার সদস্যদের কাছে এবং ছবির পরিচালকের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন যে, ছবিটি তিনি আগে পুরোটা দেখেননি।

কিন্তু আমন্ত্রণ করে ডেকে আনার পরে ছবি বন্ধ করে দেওয়ায় স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ ছবির পরিচালক ও কলাকুশলীরা। রবিবার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের প্রতিবাদের উত্তরে পাল্টা বিক্ষোভ দেখান তাঁরাও। ‘ভীতু’-টিমের অন্যতম সদস্যা শুচিস্মিতা ঘোষ বিক্ষোভে সরব হন। কিন্তু তপনবাবুরা তাঁদের সিদ্ধান্তে অনড় থেকে দাবি করেন, বঙ্গসংস্কৃতি এবং বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ঐতিহ্যের সঙ্গে ছবিটি খাপ খায় না। গোটা ব্যাপারটার মধ্যে এক ধরনের নীতি-পুলিশি রয়েছে বলে মনে করছে ভীতু টিম। উৎসব ফেসবুকে লিখেছেন, পুরো বিষয়টা অত্যন্ত হাস্যকর। এ ভাবে ছবির প্রদর্শনী আটকালেও মত প্রকাশের স্বাধীনতা আটকানো যায় না।

আরও পড়ুন