বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্যর্থরা দেশের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

hasinaআন্দোলনের নামে মানুষ পুড়িয়ে সরকার উৎখাতে ব্যর্থ হওয়ার পর এখন তারা বিদেশি নাগরিক হত্যা করে দেশের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের টানা অবরোধ-হরতালে নাশকতার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “দেশের ভিতরে মানুষ পুড়িয়ে যখন দেখল যে, সরকারকে উৎখাত করা যাচ্ছে না… এখন বিদেশিদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা।”

বুধবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে ভিডিও কনফারেন্সে মুন্সীগঞ্জের একটি পানি শোধনাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গণমাধ্যমকে বলেন, বিএনপি নেতা এম এ কাইয়ুমের নির্দেশে গুলশানে ইতালীয় নাগরিক তাভেল্লাকে হত্যা করা হয়।

এর একদিন পর বুধবার প্রধানমন্ত্রী বলেন, বিদেশি হত্যা ও ইমামবাড়ায় তাজিয়া মিছিলে বোমা হামলার পেছনে কারা ছিল- তা ধীরে ধীরে বেরিয়ে আসছে। যখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ‘উন্নয়নের রোল মডেল’ হিসাবে স্বীকৃত হচ্ছে, তখনই দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশি খুন ও তাজিয়া মিছিলে হামলার মত নাশকতা ঘটানো হচ্ছে।

শেখ হাসিনা বলেন, “ইমামবাড়ায় বোমা হামলায় কারা আহত, কে মারা গেছে? যে ছেলেটা মারা গেছে সে কিন্তু শিয়া না, সে সুন্নি। যে কয়জন আহত- তারা প্রত্যেকে কিন্তু সুন্নি মুসলমান। যে অনুষ্ঠানটি সবাই মিলিতভাবে করে, তাতে এই হামলার কী অর্থ থাকতে পারে? কারা করল? এটা ধীরে ধীরে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “দুইটা বোমা আর পাঁচটা ডিম মেরে সরকারের উন্নয়নের গতিধারাকে বন্ধ করা যাবে না। যারা এটা চিন্তা করছেন, তারা ভুল। আমরা অন্যায়কে প্রশ্রয় দেইনি, দেব না। একটা কথা আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান হবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধের দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান সরকারপ্রধান।

আরও পড়ুন