সিলেটের গোলাপগঞ্জে এক প্রবাসীকে ছুরি মেরে টাকা ছিনতাই করে পালানোর সময় একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বহরগ্রাম শিবপুরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তাদির আহমদ জানান, বহরগ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী শাহীন আহমদ বিয়ানীবাজার ইসলামী ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। বেলা দেড়টার দিকে বহরগ্রামের শিবপুর রোডে আসা মাত্র তিনটি মোটরসাইকেলে ছয় জন লোক এসে শাহিনকে ছুরিকাঘাত করে টাকা, মোবাইল ও পাসপোর্ট নিয়ে পালিয়ে যায়।
এসময় শিবপুর গ্রামবাসী একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় বলে জানান এসআই।


