বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতে আলোচিত ৭ পাকিস্তানি তারকা

Pakistani_Indiaকূটনীতিতে ভারত বনাম পাকিস্তান মানেই দা-কুমড়ো সম্পর্ক। তবে মিডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য রকম। ভারতের তারকারা যেমন পাকিস্তানে পেয়ে থাকেন অকল্পনীয় জনপ্রিয়তা, তেমনি পাকিস্তানি অনেক তারকাও ভারতে জনপ্রিয়। পাকিস্তানের বেশ কয়েকজন তারকা তো ভারতে রীতিমতো ‘আই ক্যান্ডি’! এমটিভি ইন্ডিয়া জানিয়েছে এমনই সাত পাকিস্তানি তারকার কথা।

১. সারা লোরেন
তাঁর আসল নাম মোনা লিজা হুসাইন। তবে পরিচয় সারা লোরেন নামেই। পাকিস্তানের এই আবেদনময়ী সেলিব্রেটির বলিউড অভিষেক ঘটে পূজা ভাটের পরিচালনায় ‘কাজরারে’ ছবি দিয়ে। ছবিটি ব্যর্থ হলেও বলিউড একেবারে ভুলে যায়নি সারাকে। ‘মার্ডার-৩’-এ আবারো ফেরেন তিনি। সামনে হয়তো আবারো ভাট প্রোডাকশনের ছবিতে দেখা মিলতে পারে তাঁর!

২. ফাওয়াদ খান
পাকিস্তানি জনপ্রিয় সিরিয়াল ‘হামসফর’ দিয়ে দারুণ জনপ্রিয় এই অভিনেতার পৌরুষদীপ্ত অবয়ব আর স্মার্টনেসের খুবই ভক্ত বটে ভারতীয় দর্শক। সোনম কাপুরের সঙ্গে ‘খুবসুরত’ ছবিতে অভিনয় করে বলিউডের বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। আগামী বছর করণ জোহরের প্রোডাকশনের নতুন ছবিতে আসছেন তিনি।

৩. মাহিরা খান
এত বড় অভিষেকের সুযোগ কজনের মেলে? আগামী বছরে বলিউডের কিং খান শাহরুখের বহুল প্রতীক্ষিত ছবি ‘রইস’-এ অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানি এই জনপ্রিয় অভিনেত্রীর। ফাওয়াদের মতো তিনিও কিন্তু ‘হামসফর’ এরই একজন শিল্পী!

৪. আলী জাফর
দারুণ কণ্ঠস্বর, দারুণ অভিনয় আর আচরণ। চেহারার কথা তো আর বলারই থাকে না! ‘সুন রে সাজনিয়া’ মিউজিক ভিডিও দিয়ে প্রথমে ভারতীয় দর্শকের নজরে এলেন, তার পরে বলিউডে এলেন ‘তেরে বিন লাদেন’ দিয়ে। বাকিটুকু তো কেবলই সাফল্যের গল্প। এখনো নিয়মিত অভিনয় করে চলছেন ভারতীয় ছবিতে।

৫. মিশা শফি
ফারহান আখতারের ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে প্রথম দেখা মেলে তাঁর। মিশা বেশ জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও গায়িকা। সামনে আরো ছবিতে যে দেখা মিলতেই পারে তাঁর, তা আর বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে হলিউডের একটি ছবিতেও অভিনয় করেছেন। এ ছাড়া কোক স্টুডিওতে আরিফ লোহরের সঙ্গে মিলে তাঁর গাওয়া ‘আলিফ আল্লাহ (জুগনি)’ গানটি ইউটিউবে কোক স্টুডিওর সবচেয়ে বেশি হিট পাওয়া গান।

৬. হুমাইমা মালিক
মাত্র ১৪ বছর বয়সে ইউনিলিভার পাকিস্তানের ক্যাম্পেইনে মডেলিং ক্যারিয়ার শুরু করেন হুমাইমা। এর পর নিজ দেশে মডেলিং ও অভিনয়ে প্রতিষ্ঠিত হতে বেশি সময় নেননি। গেল বছর এমরান হাশমির বিপরীতে ‘রাজা নটবরলাল’ ছবি দিয়ে বলিউড অভিষেক হয় তাঁর।

৭. বীণা মালিক
রিয়ালিটি শো বিগ বসের ফোর্থ সিজন দিয়ে ভারতে পরিচয় এই পাকিস্তানি মডেল কাম অভিনেত্রীর। এর পর বেশ কয়েকটি বলিউডি ছবিতে অভিনয় করেন তিনি। কানাড়া ছবি ‘ডার্টি পিকচার : সিল্ক সাক্কাড় মাগা’-তে অভিনয় করে দারুণ সাফল্য পান। এফএইচএম ইন্ডিয়ার এক লিস্টে শ্রেষ্ঠ ১০০ আবেদনময়ীর মধ্যে ২৬তম স্থান করে নেন তিনি। এখনো নিয়মিত রয়েছেন স্পটলাইটে।

আরও পড়ুন