ইউনিয়ন পরিষদের দাবিতে বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া এখন উত্তাল। প্রতিদিনই এখানে চলছে শত শত মানুষের মিছিল ও সমাবেশ। দাবি আদায়ের লক্ষ্যে তারা রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেবেন। দাবি পূরণ না হলে তারা আমরণ অনশনের মতো কর্মসূচিতে যেতে পারেন।
শুক্রবার দুপুরে ফুলবাড়ীর দাশিয়ারছড়ার প্রতিটি মসজিদ, মন্দির ও উপাসনালয়ে সৃষ্টিকর্তার কাছে বিশেষ মোনাজাত, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা করা হয়- যাতে শিগগিরই তাদের দাবি পূরণ হয়। এছাড়াও কোনো কোনো বাড়িতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল হয়েছে।
ইউনিয়ন ঘোষণা না হওয়ায় দাশিয়ারছড়ার মানুষের মাঝে এখন হতাশার সুর। এলাকার মিজানুর জানান, অনেক আশা নিয়েছিলাম। প্রধানমন্ত্রী এখানে এসেই উন্নয়নমূলক কাজের উদ্বোধনের সঙ্গে দাশিয়ারছড়াকে ইউনিয়ন পরিষদের ঘোষণা দেবেন। কিন্তু সেটা না পেয়ে আমরা হতাশ হয়ে বাড়ি ফিরে আসি।
বৃদ্ধ হাবিবুর রহমান জানান, আমাদের মা শেখ হাসিনা সবকিছু দিলেন। এখন এক হাজার বাড়িতে বিদ্যুৎ জ্বলছে। রাস্তা ঘাট হচ্ছে। তিনি যেন দাশিয়ারছড়া একটি ইউনিয়নের ঘোষণা দিয়ে অবশিষ্ট দাবি পূরণ করেন সেটাই আমাদের আশা।
ছিটমহল আন্দোলনের নেতা গোলাম মোস্তফা খাঁন জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব কিছুই দিয়েছেন। ১৫ অক্টোবর তার প্রোগ্রামে দাশিয়ারছড়াকে একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদের ঘোষণার কথা থাকলেও কি কারণে সেটা হল না বুঝে উঠতে পারছি না। এ কারণে আমরা হতাশ হয়েছি। দাশিয়ারছড়ার সব মানুষকে নিয়ে জননেত্রীর কাছে আবেদন জানাই তিনি যেন ইউনিয়ন পরিষদ ঘোষণা দিয়ে বাকি দাবিটুকু পূরণ করেন।


