সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে শীত নামতে শুরু করেছে উত্তরের জনপদ গাইবান্ধায়। শীতের পদধ্বনি শঙ্কিত করে তুলেছে খেটে খাওয়া অভাবী মানুষদের। অন্যদিকে শীতজনিত রোগ-বালাই থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা।
নীরব প্রকৃতি, চারিদিকে শীতল হাওয়া। কুয়াশায় ঢাকা পথঘাট। শিশির ভেজা গ্রামের মেঠো পথ। দূর্বাঘাস বা ধানগাছের পাতায় পাতায় মুক্তোদানার মতো জমাট বাঁধা শিশির-কণা জানান দেয় শীতের আগমনী বার্তা।
ভোরের আলো ফোটার পর গ্রামের মানুষ যখন বেরিয়ে আসে, রক্তিম সূর্য তখন কুয়াশা ভেদ করে পূব আকাশে হাজির হয় লাল আভা নিয়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য কাছে টানে না, খেটে খাওয়া মানুষদের। এ মানুষগুলোর কাছে শীত মানেই যেন কষ্ট। শীত যখন দরজায় কড়া নাড়ছে তখন গ্রাম-শহরের রাস্তা-ঘাটে, মোড়ে মোড়ে ভাপা পিঠার আয়োজন। আর দোকানকে ঘিরে চলছে গল্পগুজব আর আড্ডা।
এদিকে শীতকালে নিজেকে সুস্থ রাখতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিলেন গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুল ইসলাম মন্ডল। জেলার ৭টি উপজেলায় ২৯ লাখ মানুষের বসবাস। এর মধ্যে প্রায় ৩০ ভাগ হতদরিদ্র।
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


