সরকারের চাপেই শমসের মবিন চৌধুরী রাজনীতি থেকে পদত্যাগ করেছেন বলে অভিযোগ বিএনপির। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ভাঙার যে স্বপ্ন দেখছে সরকার তা কখনোই বাস্তবায়ন হবে না।
শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারপারসন সমশের মবিন বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়ে বিএনপির বর্তমান কার্যধারা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের দল পরিচালনায় ক্ষুব্ধ হয়ে বিএনপির আরও নেতা ভবিষ্যতে দল ছাড়বেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি থেকে কে যাচ্ছে, এটা না করে তাদের নিজেদের ঘর সামলানো ভালো হবে। ক্ষমতায় যতদিন আছে, ততদিন মনে হবে ঠিক আছে। কিন্তু ভেতরে ভেতরে কতদূর যে ক্ষয় হয়ে যাচ্ছে, এটা তাদের বোঝা উচিৎ।”
সমশের মবিনের পদত্যাগ ‘স্বাস্থ্যগত’ কারণে উল্লেখ করে তার সঙ্গে সরকারের ‘চাপ’ থাকার অভিযোগও করেন নজরুল। বলেন, “তিনি অসুস্থ, তার চিকিৎসা বাধাগ্রস্ত করার জন্য তার পাসপোর্ট আটকিয়ে রেখে তার উপর এক রকম চাপ প্রয়োগ করা হয়েছে। তিনি সিজনড পলিটিশিয়ান না। এই চাপ তিনি হয়ত সহ্য করতে না পারেন নাই বলে রাজনীতি থেকেই অবসর নিয়েছেন।”
লন্ডনে বসে খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন- আওয়ামী লীগ নেতাদের এই বক্তব্যের জবাবে বিএনপি নেতা বলেন, “যারা ষড়যন্ত্রে বিশ্বাস করে, তারা সবকিছুতে ষড়যন্ত্র দেখে। বিএনপি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া গোপনে দেশত্যাগ করেন নাই। তিনি চিকিৎসার জন্য গেছেন। সেখানে তার পুত্রের ইচ্ছায় নয়, চিকিৎসার জন্য অবস্থান করছেন।”
খালেদার সফর নিয়ে কয়েকটি গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন নজরুল। বলেন, “কিছু মিডিয়ার কিছু মানুষ আছেন, তারাও এসব প্রচার করেন। আপনাদের বিবেকবোধ নেই? বিবেচনা বোধ নেই? আপনাদের কাছে অনুরোধ করব যে, কেউ একটা কথা বললেই, তা খবর হয় না। দুঃখ আমাদের, আপনারা সত্য প্রকাশ এখন বাধ্য হয়ে করেন না, না কি রাজনৈতিক বিশ্বাসে করেন না, তা আমি জানি না।”


