ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে আটক ২২ জনের মধ্যে ১৭ জনের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে বিকেলে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ১৭ জনকে তিনদিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।
ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে আটক ১৭ জনকে শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আনা হয়।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত রাজধানীর তেজগাঁও ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ।
ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ ডিসি উত্তর শেখ নাজমুল আলম বলেন, ‘বিভিন্ন পরীক্ষার্থীরা এখানে এসে একটি লিংকের মাধ্যমে প্রশ্ন বিক্রির সংবাদ পায়। সেখান থেকে জোবায়েরকে আটক করা হয়। পরবর্তীতে জোবায়েরের তথ্যের ভিত্তিতে বাকি অভিযান পরিচালনা করা হয়।’
তাদের বিরুদ্ধে অভিযোগ ফেসবুক, মোবাইল ফোনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছিল তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে প্রশ্নপত্র ফাঁসের একটি চক্র কাজ করছে কর্তৃপক্ষের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পরীক্ষার্থীদের মূল সনদ আটকে রেখে ৩ থেকে ৫ লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করত তারা।
আটককৃতদের বিরুদ্ধে পরীক্ষা নিয়ন্ত্রণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তেজগাঁও মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


