লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হুকুমেই দেশে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ড এবং হোসাইনী দালানে বোমা হামলা হয়েছে। এ অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের এই মুখপাত্র বলেন, ‘খালেদা জিয়া দেশে সন্ত্রাস করে পেট্রল দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার পর এখন লন্ডনে অবস্থান করেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। আমরা জেনেছি, তার হুকুমেই (বেগম জিয়া) দুই জন বিদেশিকে হত্যা, পুলিশ হত্যা এমনকি তাজিয়া মিছিলে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে।’
শনিবার দুপুরে নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজ ক্যাম্পাস চত্বরে কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় বেগম খালেদা জিয়াকে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করে হলেও নির্বাচনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু বেগম জিয়া জামায়াতের কথায় নির্বাচন না করে জ্বালাও পোড়াও করে নির্বাচন বন্ধ করার অপচেষ্টা করে ব্যর্থ হয়েছেন।’


