ঢাকায় শুদ্ধস্বর প্রকাশনী কার্যালয়ে ঢুকে অভিজিত রায়ের বইয়ের প্রকাশকসহ তিনজনকে কুপিয়ে জখম করার কয়েক ঘণ্টার মাথায় অভিজিত রায়ের বইয়ের আরেক প্রকাশককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ফয়সল আরেফিন দীপন।
শনিবার সন্ধ্যায় আজিজ সুপার মার্কেটে হামলায় আহত জাগৃতি প্রকাশনীর কর্ণধার দীপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন সেখানে দায়িত্বরত পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক।
ব্লগার মাহমুদুল হক মুন্সী বাঁধন বলেন, আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় দীপনের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা হয়।
গত ফেব্রুয়ারিতে টিএসসিতে সন্ত্রাসী হামলায় নিহত বিজ্ঞান লেখক অভিজিত রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটি প্রকাশ করেছিল জাগৃতি প্রকাশনী।
এর আগে দুপুরে শুদ্ধসর প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।


