বুধবার ৪ নভেম্বর ২০২৬

হত্যা-কোপানোর দায় স্বীকার আল কায়েদার!

Ansar+al+Islamএকদিনে চারজনকে কোপানোর ঘটনায় আনসার আল ইসলাম নামে একটি টুইটার একাউন্ট থেকে এক টুইটে বাংলাদেশে প্রকাশকদের উপর হামলার দায় স্বীকার করা হয়েছে।

নিজেদের আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) দাবি করে ওই টুইটে বলা হয়েছে, “আমরা, আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এই অপারেশনের দায় স্বীকার করছি।”

শনিবার রাজধানীর লালমাটিয়া ও শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিহত লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর ও জাগৃতির অফিসে হামলা হয়।

হামলায় শুদ্ধস্বরের মালিকসহ তিনজন আহত এবং জাগৃতির মালিক ফয়সল আরেফিন দীপন নিহত হন।

রাত ৯টার দিকে আনসার আল ইসলাম নামে অ্যাকাউন্ট থেকে টুইট করে দায় স্বীকারের এই বার্তা দেওয়া হয়।

শনিবারের হামলার দায় স্বীকারের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, “পুলিশ দায় স্বীকার নিয়ে দুটি বিষয়ে কাজ করছে। এর একটি হচ্ছে, এর কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে। আর দ্বিতীয়টি হচ্ছে কারিগরি দিক নিয়ে। যেমন কোথা থেকে পাঠানো হয়েছে, কখন পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে।”
গত ফেব্রুয়ারিতে ঢাকায় অভিজিৎ খুন হওয়ার পরেও টুইটে হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার সংশ্লিষ্টতার দাবি করা হয়েছিল, তবে এই সংগঠনটির তৎপরতার বিষয়ে বাংলাদেশের গোয়েন্দাদের কাছে তেমন তথ্য নেই।

আরও পড়ুন