বুধবার ৪ নভেম্বর ২০২৬

এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীব্যাপী ঘটছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Home-minস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘অবশ্যই ভাল’ বলে দাবি করেছেন। সচিবালয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। তিনি আরো বলেন, এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীব্যাপী ঘটছে।

শাহবাগের আজিজ সুপার মার্কেটে শনিবার জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন প্রায় একই সময়ে মোহাম্মদপুরের লালমাটিয়ায় শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম দুর্বৃত্তদের হামলায় আহত হন। এ দুই প্রকাশনী থেকেই খুন হওয়া ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল।

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই ভাল। অবশ্যই ভাল। এগুলো উদ্দেশ্যমূলকভাবে হচ্ছে যেটা আমি আগেও বলেছি। যা আনসারুল্লাহ বাংলাটিম, সেটাই জেএমবি, সেটাই হরকাতুল জিহাদ, সবই এক সুতায় গাঁথা। সবই স্বাধীনতার পরাজিত শক্তি। সবই পূর্বাবস্থার জামায়াত-শিবির, বর্তমানে তারা নতুন কায়দায় অন্য কিছুর মাধ্যমে ধ্বংসাত্মক প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘একটা ঘটনা ঘটেছে। সবাই কাজ করছে। কে কী উদ্দেশ্যে করেছে, আমরা ঠিকই ধরে ফেলব। পুলিশ ও গোয়েন্দারা কাজ করছে। এখনো রিপোর্ট পাইনি, পেলে আপনাদের জানাব।’

তিনি বলেন, ‘দুটি ঘটনাস্থলের মার্কেট সাপ্তাহিক বন্ধ ছিল। আজিজ মার্কেটে এ সুযোগ কাজে লাগিয়েছে খুনীরা। হত্যা করে তালা মেরে চলে গেছে। লালমাটিয়াতেও একই ঘটনা ঘটানো হয়েছে। তবে সেখানে আইউইটনেস ছিল। এটার অগ্রগতি দ্রুত হবে।’

আইনশৃঙ্খলা ভাল হওয়ার পর এমন ঘটনা ঘটছে কেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীব্যাপী ঘটছে। এ যুগে কোন জায়গায় কোন দেশে হয় না সেটা আমাকে বলবেন? অস্ট্রেলিয়াতে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, ফ্রান্সে হচ্ছে। ধরাও পড়ছে, আমাদেরটাও ধরা পড়বে ইনশা আল্লাহ।’

সাম্প্রতিক অন্যান্য হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সব সন্দেহভাজনদের আমরা শনাক্ত করেছি, ধরেছি। আমরা বাকিদের ধরার চেষ্টা করছি।’

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার মালিকদের নিজ উদ্যোগে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপনের আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন