বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সরকারকে ৪৮ঘণ্টা সময়, জড়িতরা গ্রেপ্তার না হলে হরতাল

Sahbag-Ganojagoran1446377834জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজন হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের জন্য সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে গণজাগরণ মঞ্চ। এর মধ্যে খুনি ও হামলাকারীরা গ্রেপ্তার না হলে মঙ্গলবার সারা দেশে আধাবেলা হরতালের ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সোমবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে শোক পালনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

রোববার ঢাকার শাহবাগে এক প্রতিবাদ সমাবেশ থেকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই ঘোষণা দেন।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান বলেন, “সরকারকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। কিন্তু সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজ কেন এই হত্যাকাণ্ড?”

শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

এ দুটি প্রকাশনা সংস্থা থেকেই বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হামলায় নিহত হন।

শনিবারের হামলার ঘটনার আগে চলতিবছর মোট চারজন ব্লগার-লেখক একইভাবে খুন হলেও পুলিশ কোনো মামলারই কিনারা করতে পারেনি।

ইমরান বলেন, “পালনের অংশ হিসেবে সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবে। এছাড়া সোমবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল করবে গণজাগরণ মঞ্চ। আমাদের দাবি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার খুনি ও হামলাকারীদের গ্রেপ্তার করলে হরতাল প্রত্যাহার করে নেওয়া হবে।”

সমাবেশ শেষে মঞ্চের কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ ও আশপাশের এলাকা প্রদক্ষীণ করেন।

আরও পড়ুন