রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার। রোববার দুই বাহিনীর প্রধান আলাদাভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
খবরটি জানিযে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সেনাপ্রধান সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ দুই বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বলে জানান প্রেস সচিব।
আগামী ১০ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় সেনাবাহিনীর আর্টিলারি কোরের পঞ্চম পুনর্মিলনী এবং ঢাকায় ‘কম্পিউটারাইজড ওয়ার গেম সেন্টার অ্যান্ড ডাটা সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান জেনারেল আবু বেলাল।
আর আগামী ১১ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠেয় ‘ওয়াইএলসি-৬এডি রাডার’ সংযোজন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান বিমান বাহিনী প্রধান। বাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান এয়ার মার্শাল এসরার।


