রাজশাহীর বানেশ্বরে দুটি শক্তিশালী হাতবোমা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। র্যাব-৫ রাজশাহীর সদস্যরা বোমা রাখার ওই স্থানটি ঘিরে রেখেছেন। সোমবার সকালে ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল গিয়ে বোমা দুটি নিষ্ক্রিয় করবে বলে জানা গেছে।
রাজশাহী র্যাব-৫ এর এএসপি তোফায়েল হোসেন জানান, রোববার দুপুরে বানেশ্বর কলেজের পেছনে আবুল খায়েরের কাঠমিলের পাশে একটি ব্যাগে করে বোমা দুটি ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেন। থানা পুলিশ বোমা দুটি নিষ্ক্রিয় করার জন্য রাজশাহী র্যাবকে জানায়। হাতবোমা দুটি শক্তিশালী। তাই ঢাকার বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে নিষ্ক্রিয় করার জন্য। সে পর্যন্ত র্যাব সদস্যরা বোমা রাখার স্থানটি ঘেরাও করে রেখেছেন।
এএসপি আরো জানান, কাঠমিলের মালিক আবুল খায়েরকে কয়েকদিন ধরে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। জামায়াতের ইসলামীর পরিচয় দিয়ে ফোনে হুমকিদাতা একটি মসজিদেও তাকে ডেকে নিয়েছিল। তবে মসজিদে গেলে হুমকিদাতা আর দেখা করেনি। ধারণা করা হচ্ছে, ওই হুমকিদাতা বোমা দুটি রেখেছে। তিনি জানান, হুমকিদাতার মোবাই ফোন নম্বরের সূত্র ধরে তাকে খোঁজা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হাফিজুর রহমান।


