একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।
আবেদন দুটি শুনানির জন্য সুপ্রিমকোর্টের সোমবারের কার্যতালিকার ১৬ এবং ১৭ নম্বরে রাখা হয়েছে। দুটি আবেদনই পৃথকভাবে শুনানির কথা রয়েছে। এর আগে ২০ অক্টোবর শুনানির এ দিন ধার্য করেন সুপ্রিমকোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আর গত ১৪ অক্টোবর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে সুপ্রিমকোর্টে রিভিউ আবেদন করেন এই দুই যুদ্ধাপরাধী। মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরী এবং মুজাহিদকে ঠাণ্ডা মাথার খুনি হিসেবে উল্লেখ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।


