জাগৃতির প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডের তদন্ত সংশ্লিষ্টরা ক্লু পেয়েছেন বলে জানিয়েছেন পুলিশ ও গোয়েন্দারা। তারা বলছেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত পাওয়া গেছে। এ সব আলামত সামনে রেখেই তারা তদন্ত করছেন। গোয়েন্দারা জানান, ঘটনাস্থল থেকে পাওয়া আলামতের মধ্যে আনুমানিক দুই ইঞ্চি লম্বা এক গোছা চুলও সংগ্রহ করেছেন তারা। সেই চুল খুনিদের কারও হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। গোয়েন্দারা বলছেন, ধস্তাধস্তির সময় এ চুল কারও মাথা থেকে ঝরে পড়তে পারে। একইসঙ্গে লালমাটিয়ার ঘটনাস্থল থেকেও গুলিসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, দিন-দুপুরে রাজধানীর লালমাটিয়া ও শাহবাগের পৃথক হামলার ঘটনার ছত্রিশ ঘণ্টা পার হলেও খুনিদের চিহ্নিত করতে পারে পুলিশ-গোয়েন্দারা। লালমাটিয়ার ঘটনার প্রত্যক্ষদর্শী ওয়াফিকুল হক শক্তি ও ওই বাড়ির দারোয়ান আল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, তারা ওই দু’জনকে আটক করেননি। ঘটনার তথ্য জানতে তাদের থানায় ডেকে নেওয়া হয়। পরে আবার তারা নিজেদের গন্তব্যে চলে যান।
লালমাটিয়া ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে হামলার ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর নেপথ্যে কারা রয়েছেন, তা এখনও নিশ্চিত হতে পারেননি পুলিশ-গোয়েন্দারা। তবে দু’টি ঘটনার সঙ্গে জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম জড়িত বলে ধারণা গোয়েন্দা কর্মকর্তাদের। অন্যদিকে, সরকারি দলের নেতারা কোনও জঙ্গি সংগঠনের নাম না বললেও এসব ঘটনার পেছনে বিএনপি-জামায়াত জোটের মদদ রয়েছে বলে অভিযোগ করেন।
অনলাইন অ্যাক্টিভিস্টদের (ব্লগার) সংগঠন ‘গণজাগরণ মঞ্চ’-এর মুখপাত্র ইমরান এইচ সরকারের মতে, দেশে ধর্ম ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য মৌলবাদীরাই একের পর এক এসব ঘটনা ঘটাচ্ছে। সরকারের ভেতর থেকেও একটি গোষ্ঠী হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ তার।
প্রকাশক দীপন হত্যার ঘটনাস্থল আজিজ সুপার মার্কেট থেকে আলামত সংগ্রহ করে সিআইডি’র ক্রাইমসিন বিভাগ। আলামত সংগ্রহকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর জাকির হোসেন জানান, জাগৃতি প্রকাশনীর অফিস থেকে ১৪টি আলামত সংগ্রহ করেছেন তারা। তবে সেখান থেকে কোনও সিসিটিভির ফুটেজ তারা পাননি। ওই অফিসে ও আশে-পাশে কোথাও সিসিটিভি ছিল না। আলামতগুলোর মধ্যে এক থেকে দুই ইঞ্চি লম্বা এক গোছা চুল, চশমা, স্যান্ডেল ও রক্তসহ বিভিন্ন জিনিস জব্ধ করেছেন তারা। চুলগুলোর ডিএনএ টেস্টও করা হবে বলে জানান তিনি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, সম্প্রতি দেশে দুই বিদেশিকে হত্যার ঘটনার সঙ্গে শনিবারের ঘটনার কোনও যোগসূত্র এখনও তারা পাননি। তবে এগুলো জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কাজ বলে তাদের ধারণা। অভিজিৎ হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের সঙ্গে তদন্তে সহায়তার জন্য যোগাযোগ করা হলেও অভিজিতের বই প্রকাশককে হত্যার ঘটনায় এখনও তারা তাদের সঙ্গে যোগাযোগ করেননি। শনিবারের হামলার ঘটনাটি পুলিশের পাশাপাশি তারা ছায়া তদন্ত করছেন বলেও জানান তিনি।
টুটুল, রণদীপমের অবস্থা উন্নতির দিকে, তারেকের অবস্থা অপরিবর্তিত:
শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল ও লেখক রণদীপম বসুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ব্লগার ও কবি তারেক রহিমের অবস্থা এখনও ভালো নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এ ঘটনায় রহিমের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. অধ্যাপক এহসান মাহমুদকে প্রধান করে নয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে। বোর্ডে অর্থোপেডিকস, নিউরোসার্জারি, মেডিসিন ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, তারেক রহিমের প্রাথমিক অপারেশন হয়েছে। গুলি এখনও তার পেটেই আছে। তাকে পোস্ট-অপারেটিভে রাখা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তারেকের বাম হাতে এত গভীর ক্ষত হয়েছে যে, চিকিৎসকরা এখন তার বাম হাতটি বাঁচানোর উপায় খুঁজছেন। তারেক রহিম এখনও আশঙ্কামুক্ত নন। অন্য দুজন শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল ও লেখক রণদীপমের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানান তিনি। শনিবার রাতেই তাদের অপারেশন করা হয়েছে। বর্তমানে টুটুল আর রণদীপমকে কেবিনে রাখা হয়েছে।
উল্লেখ্য, শনিবার দুপুরে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে প্রকাশনীর মালিক ও লেখক আহমেদুর রশীদ টুটুল, কবি ও ব্লগার তারেক রহিম এবং লেখক রণদীপম বসুর ওপর হামলা চালায় চার যুবক। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


