সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর জন্য খালেদা জিয়াকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য যথার্থ বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী যা বলেছেন, নিশ্চিত হয়েই বলেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ।”
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সোমবার রাজধানীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা বলেছিলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের উদ্দেশ্যে বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন খালেদা জিয়া। তিনি (খালেদা) বিদেশে বসে দেশে গুপ্তহত্যা শুরু করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, “ঘটনার নেপথ্যে মদদদাতা, পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাদের ছাড় দেয়া হবে না। দেশে অথবা দেশের বাইরে লন্ডনে কিংবা যেখানেই থাকুক, তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।”
বিএনপি এসব হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, সরকারের উচ্চ পর্যায় থেকে এই ধরনের বক্তব্যে খুনিরা পার পেয়ে যাবে।
প্রকাশক ও ব্লগার হত্যাসহ আলোচিত হত্যাকাণ্ডগুলোতে জামায়াত-শিবির জড়িত বলে মঙ্গলবার ইঙ্গিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, “তারাই এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে, যারা দেশের স্বাধীনতা চায়নি। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাকে হত্যা করেছে।”
মন্ত্রী আরও বলেন, ‘তারাই’ বিভিন্ন সময়ে নাম পরিবর্তন করে এসব অপকর্ম করছে- মন্তব্য করে আসাদুজ্জামান কামাল বলেন, “অতীত বিশ্লেষণ করলে দেখা যাবে, তারা সবাই জামায়াত-শিবিরের রাজনীতিতে বিশ্বাসী। আগে তারা রগ কাটত, এখন গলা কাটছে।”


