আইনশৃঙ্খলা বাহিনীর সামর্থ্যে নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। বলেন, তাদের সামর্থ্যের ঘাটতির জন্য লেখক-ব্লগারদের খুনিদের গ্রেপ্তার করা যাচ্ছে না।
সম্প্রতি সংঘটিত প্রকাশকদের ওপর হামলায় দায়ীদের শনাক্ত করতে না পারায় সরকারের সমালোচনার মধ্যে বুধবার ধানমণ্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়তো তাদের ক্ষমতার সীমাবদ্ধতার কারণেই বা প্রযুক্তির স্বল্পতার কারণেই অনেক সময় তাত্ক্ষণিকভাবে বা খুব দ্রুত তদন্ত করে আসামিকে ধরা সম্ভব হয়নি।’
বিভিন্ন মহলের সমালোচনার জবাবে ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতা বলেন, ‘তার মানে এই নয় যে সরকার আন্তরিক নয়। সরকারের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক।’


