বুধবার ৪ নভেম্বর ২০২৬

নেদারল্যান্ডসে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

pm-duchডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে নেদারল্যান্ড সময় রাত ৮টা ৩০ মিনিটে আমস্টারডাম শিফোল বিমানবন্দর সেন্টারে অবতরণ করে। এসময় বিমানবন্দরে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে।

এরপর ডাচ অবকাঠামো ও পরিবেশ মন্ত্রী মেলানি শুল্টজ ভান হায়েজেন, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলাল এবং ঢাকায় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত লেওনি মারগারেতা কুয়েলেনায়েরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আমস্টারডাম শিফোল বিমানবন্দর সেন্টারে উষ্ণ সংবর্ধনা দেয়ার পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রায় নেদারল্যান্ডের প্রশাসনিক রাজধানী হেগ নগরীতে গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, নৌ পরিবহন সচিব শফিক আলম মেহেদী এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এছাড়া, এফবিসিসিআই, বিজিএমইএ এবং ডাচ-বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দসহ বাংলাদেশের একটি ১৯ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেলে পৌঁছার পর অল ইউরোপীয়ান আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা তাকে অভিনন্দন জানান। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে দুটি ছোট্ট শিশু হোটেল লাউঞ্জে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেয়।

সফরকালে প্রধানমন্ত্রী বুধবার বিকেলে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে তার সরকারি বাসভবন ‘কাস্টহুউস’-এ দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আলোচনার পর কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে। পরে শেখ হাসিনা তার সম্মানে মার্ক রুটের দেয়া এক নৈশভোজে যোগ দিবেন। তিনি আজ (বুধবার) রাজকীয় প্রাসাদে নেদারল্যান্ডের রাণী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

শেখ হাসিনা হেলিকপ্টারে ডেল্টাইক আইল্যান্ড এবং জাহাজে বন্দর পরিদর্শন করবেন। তিনি ডেল্টাইক আইল্যান্ডে সফরের ওপর একটি উপস্থাপনা প্রত্যক্ষ করবেন।

আরও পড়ুন