বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে ফেল ৭৯ শতাংশ

duঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ২০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বাকি ৭৯ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।

আজ বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এই ইউনিটে প্রথম হয়েছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এইচ এম আশিকুল ইসলাম। তিনি পেয়েছেন ১৮৯ নম্বর। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী অনীক মজুমদার। তাঁর প্রাপ্ত নম্বরও ১৮৯। দুজনের এইচএসসির ফলের ভিত্তিতে প্রথম ও দ্বিতীয় নির্ধারণ করা হয়েছে। তৃতীয় হয়েছেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী আসিফ হোসেন ভূঁইয়া। তাঁর প্রাপ্ত নম্বর ১৮৮।

এ বছর ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৭১ হাজার ২৮১ জন। পরীক্ষায় অংশ নেন ৬৪ হাজার ৪৭৮ জন। বিভিন্ন কারণে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ছয় হাজার ৮০৯ জন। পাস করেছেন ১৩ হাজার ৩৮০ জন। পরীক্ষায় অনুত্তীর্ণ ৫০ হাজার ৮৪৩ জন এবং ফল বাতিল করা হয়েছে ২৫৫ জনের।

পরীক্ষার ফলাফল জানতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

তা ছাড়া যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে du ka টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আগামী ১০ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ৮ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ডিন অফিসে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ১২ নভেম্বর আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদে আবেদন করা যাবে।

আরও পড়ুন