বুধবার ৪ নভেম্বর ২০২৬

আত্মরক্ষায় পুলিশকে গুলি ছোড়ার নির্দেশ

police fireঢাকার আশুলিয়ায় চেকপোস্টে পুলিশ সদস্য খুন হওয়ার পর বন্দরনগরীতে মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের আরও সতর্কভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডল। এছাড়া নগরীর বিভিন্ন চেকপোস্টে তল্লাশির ক্ষেত্রে এবং মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য বিশেষ নির্দেশনাও দেয়া হয়েছে।

তল্লাশির ক্ষেত্রে পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আক্রান্ত হলে আত্মরক্ষার্থে মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যরা গুলি ছুঁড়তে পারবে বলেও জানিয়ে দিয়েছেন সিএমপির শীর্ষ কর্মকর্তারা।

সিএমপি কমিশনার বলেন, মাঠে দায়িত্ব পালনের জন্য যাবার আগে সাধারণত পুলিশ সদস্যদের এক ধরনের নির্দেশনা দিয়ে পাঠানো হয়। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। পরিবর্তিত পরিস্থিতিতে তাদের আরও সচেতনভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। কোনো ক্রিমিনাল যদি পুলিশের উপর আক্রমণ করে, পুলিশ সদস্যদের হত্যা করার চেষ্টা করে তবে আত্মরক্ষার্থে অবশ্যই পুলিশ গুলি ছুঁড়তে পারবে। তাদের সেই নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার সকালে সাভারের আশুলিয়ায় পুলিশের একটি চেকপোস্টে তল্লাশির সময় ছুরি মেরে শিল্প পুলিশের এক কনস্টেবলকে হত্যা ও চারজনকে জখম করে দুর্বৃত্তরা। এর ১৩দিন আগে ২২ অক্টোবর ঢাকার গাবতলীতে চেকপোস্টে তল্লাশির সময় ইব্রাহিম মোল্লা নামে এক এএসআইকে একই কায়দায় খুন করে দুর্বৃত্তরা।

সাম্প্রতিক এসব ঘটনার মধ্যেও বন্দরনগরীর মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের মনোবল যাতে অটুট থাকে সেজন্য বুধবার সকালে সিএমপি কমিশনার এবং অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য পৃথকভাবে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন