বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জাতীয় ঐক্যে ইনু বাধা সৃষ্টি করছেন: বিএনপি

ripon_SM_725674758বিএনপি জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছে তা বানচাল করতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রতিনিয়ত বাধা সৃষ্টি করে যাচ্ছেন বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ইনুর জামানত বাজেয়াপ্ত হবে। তাই প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট রাখতে ও নিজের মন্ত্রীত্ব রক্ষা করতে তিনি (ইনু) খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন।

বুধবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র এ অভিযোগ করেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।

রিপন বলেন, ’৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার অধিকাংশ দায় ইনুদের। তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানকে একদিনও শান্তিতে থাকতে দেয়নি ইনুরা, যা আওয়ামী লীগের সিনিয়র নেতারা জানেন। তখন হত্যা, লুণ্ঠন ও গুদামে আগুন দেওয়াসহ মৌলবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলো তারা।

তিনি বলেন, দোষারোপ ও গ্রেপ্তারের রাজনীতি দিয়ে দেশের চলমান সংকট উত্তরণ করা যাবে না। সংকট সমাধানে সরকারকে সুশীল সমাজ ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা বসে সমাধান করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আটক নেতাদের মুক্তির দাবি জানান রিপন।

আরও পড়ুন