যশোরের বেনাপোল, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও রাজবাড়িতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশ ভ্যান থেকে পালানো আসামিসহ তিনজন নিহত হয়েছে। বুধবার দিনগত রাতে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতােদের পাঠানো প্রতিবেদন:
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে কাঠাদিয়া ঈদগাঁ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেন্টু ওরফে পিচ্চি সেন্টু (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত পিচ্চি সেন্টু টঙ্গিবাড়ীর সোনারং গ্রামের মৃত জয়নাল বেপারীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এ সময় সন্ত্রাসীদের হামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিমউদ্দিন, কনস্টেবল মিজান ও দেলোয়ার আহত হয়েছেন। আহত তিন পুলিশ সদস্যকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসী পিচ্চি সেন্টুর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ছয়টি অস্ত্র মামলার আসামি সেন্টু ওরফে পিচ্চি সেন্টুকে বুধবার দুপুরে গ্রেফতার করা হয়। থানা হাজতে জিজ্ঞাসাবাদে মজুদ থাকা অস্ত্রের সন্ধান দেয় সেন্টু। রাতে সেন্টুকে নিয়ে উপজেলার কাঠাদিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কাঠাদিয়া ঈদগাঁ এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা সেন্টুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় সেন্টু। এছাড়া সন্ত্রাসীদের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, দু’টি রামদা ও দু’টি লোহার রড উদ্ধার করা হয়।
যশোর: যশোরের বেনাপোল উপজেলার পুটখালী সীমান্তে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘পলাতক’ এক আসামি নিহত হয়েছেন। তাঁর নাম ইলিয়াস মৃধা সোহাগ (৩২)। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বেনাপোল পোর্ট থানার তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে। নিহত ইলিয়াসের বাড়ি রাজবাড়ী জেলা সদরের কারচন্দ্রপুর এলাকায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, মঙ্গলবার বিকেলে বেনাপোলের সীমান্ত এলাকা থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। এর পর বুধবার বিকেলে তাঁকে নিয়ে একটি পুলিশভ্যান যশোর আদালতের উদ্দেশে রওনা হয়। পথে পুলিশভ্যানটি যশোর-বেনাপোল সড়কের কাগজপুকুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এ সুযোগে ইলিয়াস ভ্যান থেকে পালিয়ে যান।
ওসি জানান, পরে ইলিয়াসকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে রাত দেড়টার দিকে পুটখালী এলাকায় দুটি মোটরসাইকেলকে পুলিশ চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান ইলিয়াস। বন্দুকযুদ্ধের সময় আহত উপপরিদর্শক (এসআই) মনির ও দুই কনস্টেবলকে বেনাপোলের ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ি: রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহীদুল ইসলাম ওরফে পিচ্চি শাহীন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। শাহীনের বাড়ি সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে। তাঁর বাবার নাম জয়নাল আবেদীন।
পুলিশের দাবি, শাহীন জেলার শীর্ষ সন্ত্রাসী। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে জার্মানিতে তৈরি একটি পিস্তল, পাকিস্তানি টুটু বোরের একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, সাতটি গুলি ও বেশ কিছু ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গোলাগুলির সময় ছোটাছুটি করতে গিয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন, এসআই কামাল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) হিরণ ও কনস্টেবল শফিক আহত হন। তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজবাড়ী পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর উপজেলার আলীপুর ইউনিয়ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শাহীনকে। পরে তাঁকে নিয়ে পূর্ব আলীপুর গ্রামের জাকির হোসেনের কলাবাগানে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখানে ওত পেতে থাকা শাহীন বাহিনীর অন্য সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ১৬টি গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাহীনকে উদ্ধার করা হয়।
এসআই কামাল হোসেন আরো বলেন, শাহীনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ শিকদার তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, শাহীনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্র মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন কারাভোগ শেষে মুক্তি পেয়ে আবারো সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


