টঙ্গীতে নোমান শিল্প গোষ্ঠীর জাবের এন্ড জোবায়ের পোশাক কারখানায় সাইফুল ইসলাম (৪০) নামের এক কর্মকর্তাকে ছুরিকাঘাতে খুন করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিপ্লব (২৮) নামের এক যুবককে আটক করেছে।
ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ রাতেই গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
টঙ্গী থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, অফিস শেষে সাইফুল ইসলাম স্থানীয় পাগাড় ঝিনু মার্কেট সংলগ্ন নিজের ভাড়া বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে ওঁতপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তাকে অতর্কিতে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত সাইফুল ইসলাম জাবের এন্ড জোবায়ের পোশাক কারখানার সহকারী উৎপাদন ব্যবস্থাপক এবং তিনি ঝিনু মার্কেট এলাকার জনৈক লিটনের বাড়িতে ভাড়া থাকতেন।
কারখানা সূত্র জানায়, গত তিন দিন আগে সাইফুলের সুপারিশের প্রেক্ষিতে কয়েকজন শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ চাকুরিচ্যুত করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিপ্লব তার সহযোগিদের নিয়ে সাইফুলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে।


