তিনদিনের সফরে ১৬ নভেম্বর বাংলাদেশে আসছেন ভারতের স্বরাষ্ট্র সচিব রাজীব মেহরিশি। সফরকালে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। সীমান্ত দিয়ে গরু চোরাচালান, সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী তৎপরতা ও বাংলাদেশীদের ভারতে অনুপ্রবেশের মতো বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে জানা গেছে। খবর দি ইকোনমিক টাইমস।
আলোচনায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে সীমান্ত হত্যা বিষয়ে কথা বলতে আগ্রহী বাংলাদেশ। বিভিন্ন সময় এ হত্যাকাণ্ড নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। এ হত্যাকাণ্ডকে বিএসএফ গবাদিপশু চোরাচালান ঠেকাতে নেয়া পদক্ষেপের ফল হিসেবে বলে আসছে।
যদিও বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশের গ্রামে প্রবেশ করে কথিত চোরাচালানকারী হত্যা করার অন্তত দুটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিএসএফের দেয়া তথ্যমতে, বাংলাদেশে ভারতের গরু চোরাচালান ৭০ শতাংশ কমেছে।
বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরা সীমান্তের কাছে সীমান্ত চৌকি নির্মাণ বিষয়ে আলোচনার আগ্রহও প্রকাশ করা হয়েছে। এটি নিয়ে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের গত বৈঠকে দ্বিপক্ষীয় সমঝোতা হয়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ বিষয়ে জানিয়েছে, এ এলাকায় বাংলাদেশ থেকে সরাসরি প্রবেশ সম্ভব নয় বলে চৌকি নির্মাণের জন্য ভারতের ভূমির ওপর দিয়ে কাঁচামাল ও শ্রমিক নেয়ার অনুমতি চাওয়া হয়। সীমান্ত এলাকায় এ চৌকি নির্মাণে তারা বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশস্ত করেছে ভারত।
তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ-ভারত সীমান্ত সম্পর্কিত হাজারিকা কমিশন প্রকাশিত প্রতিবেদনের প্রভাবও এ আলোচনায় পড়তে পারে।


