দেশে বর্তমানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হত্যাকাণ্ড ঘটাচ্ছে আর আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বিএনপি নেতা-কর্মীদের আটক করা হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সন্ত্রাস দমনে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন হান্নান শাহ।
হান্নান শাহ বলেন, ‘দক্ষতা ও মনোবল হারিয়ে বার বার হামলার শিকার হচ্ছে পুলিশ। তারা অন্যায় কাজ ও চাঁদাবাজিতে লিপ্ত। পুলিশ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলায় ব্যস্ত। তাদের যে দক্ষতা আছে তা তারা হারিয়ে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ অপরাধীদের ধরতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গত জাতীয় নির্বাচনের সময় পুলিশ বলেছিল, দেখামাত্রই গুলি। এখন ডিএমপি কমিশনার বলছেন, আক্রান্ত হলেই গুলি। বার বার তাদের বক্তব্য পরিবর্তন হবে কিন্তু কোনো কাজ হবে না।’
ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ড্যাব মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন।


