বুধবার ৪ নভেম্বর ২০২৬

অন্তবর্তী জামিনে কারামুক্ত এমপি লিটন

GAIBANDHA--PHOTO-01২৪ দিন কারাভোগের পর অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) মো. মঞ্জুরুল ইসলাম লিটন। গাইবান্ধা জেলা কারাগার থেকে রবিবার দুপুর ১২টা ১০ মিনিটে তিনি মুক্তি পান। এ সময় কারাগারের ফটকে এমপি লিটনের আইনজীবী, তার স্বজন ও রাজনৈতিক নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে একটি গাড়ি বহরে করে এমপি লিটন তার নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জ উপজেলায় যান।

গাইবান্ধা জেলা কারাগারের সুপার মো. মাহবুব আলম জানান, রবিবার দুপুর পৌনে ১২টার দিকে আদালত থেকে এমপি লিটনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই-বাছাই ও আনুসাঙ্গিক কাজ সেরে তাকে মুক্তি দেওয়া হয়।

কয়েক দফায় জামিন আবেদনের পর বেলা সোয়া ১১টার দিকে গাইবান্ধা আমলী আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউছুফ শুনানি শেষে এমপি লিটনকে ১০০ টাকার বন্ডে জাতীয় সংসদ অধিবেশন চলা সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তির আদেশ দেন।

এর আগে শিশু শাহাদত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সুন্দরগঞ্জ থানায় ৩ অক্টোবর দায়ের হওয়া মামলায় ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে এমপি লিটনকে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরের দিন ভোরে তাকে মাইক্রোযোগে গাইবান্ধা ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর তাকে গাইবান্ধা আমলী আদালতে (সুন্দরগঞ্জ) হাজির করা হয়। পরে বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউছুফ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

গ্রেফতার হওয়ার পর থেকে এমপি লিটন ডিভিশন অনুযায়ী জেলা কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদায় ছিলেন। তার কক্ষে খাট, চেয়ার, টেবিল, টেলিভিশন ও একটি জাতীয় পত্রিকা দেওয়া হয়েছিল। এ ছাড়া সার্বক্ষণিক দেখাশুনার জন্য একজন কর্মচারী নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন