বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুবলীগ নেতার চাঁদা তোলার ছবি: সাংবাদিকদের ওপর হামলা

Rajshahi-রাজশাহীতে পণ্যবাহী পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় যুবলীগ নেতার ছবি তুলতে গিয়ে হামলায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহরাব হোসেন ও ক্যামেরাপারসন তারেক মাহমুদ রাসেল।

মোহনপুর উপজেলার মৌগাছী বাজারের সামনে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা যমুনা টেলিভিশনের গাড়িটিও ভাঙচুর করে। আহত সোহরাব ও রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে অফিসের এ্যাসাইনমেন্ট নিয়ে তারা মোহনপুরে যাচ্ছিলেন। এ সময় মৌগাছীর বিদিরপুর বাজারে যুবলীগ নেতা হাফিজের নেতৃত্বে কয়েকজন পণ্যবাহী পরিবহন থেকে চাঁদা আদায় করছিলেন। তারা ছবি তুলতে গেলে ওই যুবলীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় মোহনপুর থানার কয়েকজন পুলিশ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।

আহত সোহরাব হোসেন জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। তারা গাড়িটিও ভাঙচুর করেছে।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কারা এ ঘটনায় জড়িত তা চিহ্নিত করা গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় মামলা হবে।

আরও পড়ুন