বুধবার ৪ নভেম্বর ২০২৬

আবার কমলো সোনার দাম

Gold (2)ভরিপ্রতি দেড় হাজার টাকা বাড়ানোর এক মাস পার হয়নি আবারো সোনার দাম কমিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সব মানের সোনার দাম ভরিতে কমানো হয়েছে ১ হাজার ২২৫ টাকা করে। আর রুপার দাম কমেছে ভরিতে ৫৮ টাকা। বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর বিষয়টি জানিয়েছে। সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এখন ৪২ হাজার ৫১৫ টাকায় বিক্রি হবে। রোববার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হয় ৪৩ হাজার ৭৪০ টাকায়। এ হিসাবে ভরিতে দর কমছে ১ হাজার ২২৫ টাকা।

অন্যান্য মানের সোনার দরও একই হারে কমেছে।

বাজুস জানায়, সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনা ৩ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হবে।

১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম হবে ৪২ হাজার ৫১৫ টাকা। রোববার পর্যন্ত ২২ ক্যারেটের সোনা প্রতি গ্রাম ৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়।

২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ৪১ হাজার ৬৪০ টাকা থেকে ৪০ হাজার ৪১৫ টাকায় নামিয়ে এনেছেন ব্যবসায়ীরা। ১৮ ক্যারেটের সোনা ৩৪ হাজার ৯৯২ টাকা থেকে কমে হয়েছে ৩৩ হাজার ৪১৭ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা বিক্রি হবে ২২ হাজার ৬৮৬ টাকায়। রোববার পর্যন্ত এই দর ছিল ২৩ হাজার ৯১১ টাকা।

রোববার পর্যন্ত প্রতি ভরি রুপার দাম ছিল ৯৯১ টাকা। ভরিপ্রতি ৫৮ টাকা কমিয়ে নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩৩ টাকা।

উল্লেখ্য, গত দুই বছর ধরে সোনার দরে উঠানামা চলছে। কয়েক দফায় বাড়া-কমার পর সর্বশেষ গত ১৭ অক্টোবর সোনার দাম ভরিতে দেড় হাজার টাকা বাড়িয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।

আরও পড়ুন