এখনও সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়নি বাংলাদেশি হিসেবে পরিচয় পাওয়া বিলুপ্ত ছিটমহলবাসীর। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থায় লাগেনি উন্নয়নের ছোঁয়া। জীবনযাত্রার মান উন্নয়ন এখন পর্যন্ত আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তাই ছিটমহলবাসীর পরিচয় থেকে সদ্য মুক্তির স্বাদ পাওয়া বাসিন্দাদের এখন একটাই স্বপ্ন, অর্থনৈতিক মুক্তি।
আগস্টে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশি হিসেবে নতুন নাগরিকত্ব পাওয়া এ সব মানুষের একটাই স্বপ্ন, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া।
পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত এই ছিটমহল বাসিন্দাদের একমাত্র জীবিকা কৃষিকাজ। বাদাম, আদা, হলুদ আর ধান এখানকার প্রধান কৃষিপণ্য হলেও এখনও এখানকার কৃষকরা পাচ্ছেন না প্রয়োজনীয় সার, কীটনাশকসহ অন্য কৃষি সহায়তা।
সম্প্রতি বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা পঞ্চগড়ের দহলা খাগড়াবাড়ী ছিটমহল পরিদর্শন করে অবহেলিত এসব জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন।


