রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সোমবার থেকে শুরু হচ্ছে। এবার ৯টি ইউনিটের ৫৬টি বিভাগে মোট ৪ হাজার ৭২২টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ১ লাখ ৬০ হাজার ৬৮২টি। প্রতি আসনের বিপরীতে এবার ৩৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ১২ নভেম্বর পর্যন্ত চলবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সব ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেও তাদের বাড়তি নজরদারি রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর তারিকুল হাসান।
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. শামসুদ্দিন বলেন, ভুয়া পরীক্ষার্থী ও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ভর্তিচ্ছুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
গত বছর ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৮২৮টি আসনের বিপরীতে ১ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন আবেদন করে।


