হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে আবারও আজ জিম্বাবুয়েকে উড়িয়ে দিতে চায় বাংলাদেশ। আরেকটি দাপুটে জয় দিয়ে সিরিজ নিজেদের করে নিতে চান মাশরাফি মুর্তজারা। কাল তামিম ইকবাল জানালেন, আপাতত আমরা কালকের (আজ) ম্যাচটা জিতে সিরিজ নিশ্চিত করতে চাই। এরপর দীর্ঘ পরিকল্পনায় যাওয়া যাবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যথারীতি বেলা ১টায় শুরু হবে ডে-নাইট ম্যাচ। সরাসরি দেখা যাবে গাজী টেলিভিশনে। গোটা সফরে একদিন করে বিরতি নিয়ে পরের ম্যাচ খেলবে দুদল।
এদিকে রোববার মিরপুরে জিম্বাবুয়ে সকালে ও বাংলাদেশ দল বিকেলে অনুশীলন করেছে। সাকিববিহীন সিরিজে অবশ্য দলে খুব একটা চাপ নেই। ঘরের মাঠে পুরো বছরই দাপট দেখিয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দাপট শুরু হয়েছে আরও আগে। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারবাহিকতায়ই শনিবার প্রথম ওয়ানডেতে উড়ে গেল সফরকারীরা। ১৪৫ রানের বিশাল জয় জিম্বাবুয়ের বিপক্ষে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। প্রথম ম্যাচে লিটন কুমার দাস রান না পেলেও তাকে নিয়ে দুশ্চিন্তা নেই টাইগার অধিনায়ক মাশরাফি মুর্তজার। প্রথম ম্যাচে রান পাননি মাহমুদউল্লাহও। এদুজনই আজ রানে ফিরবেন বলে আশা অধিনায়কের। মুশফিকুর রহিম প্রথম ম্যাচে সেঞ্চুরি করে মাশরাফিকে স্বস্তি দিয়েছেন। সাব্বির রহমানও প্রথম ম্যাচে দারুণ একটি ইনিংস খেলেছেন।
সাকিবের অনুপস্থিতিতে পরিবর্তন আসছে দলে। তার পরিবর্তে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। তবে একাদশে তার থাকার সম্ভাবনা কম। তাই তামিম ইকবালের সঙ্গে আজ ওপেন করতে দেখা যেতে পারে ইমরুল কায়েসকে। আর লিটনকে সাকিবের জায়গায় পাঠাতে পারে টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ে পরিবর্তন না হওয়ারই সম্ভাবনা বেশি। জিম্বাবুয়েকে ফের স্পিন ফাঁদে ফেলার ছক কষে মাঠে নামলেও তিন পেসার থাকবেন একাদশে। তামিম ইকবাল বলেন, প্রথম জয় সব সময়ই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। আমাদের আত্মবিশ্বাস তাই বেড়েছে। প্রথম ম্যাচেও আমরা সতর্ক ছিলাম। বাকি দুই ম্যাচও গুরুত্বের সঙ্গে নেব।
এদিকে সফরকারীরা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না। প্রথম ম্যাচে হারের পর তাদের জন্য দুঃসংবাদ, ইনজুরিতে পড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান রিচমন্ড মুতুম্বামি। বাংলাদেশের বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া তারা। প্রথম ম্যাচে লুক জংওয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। রান পেয়েছেন অধিনায়ক এল্টন চিগুম্বুরা। অধিনায়ক চিগুম্বুরা মনে করেন, প্রথম ম্যাচে একাধিক ভুলের খেসারত দিতে হয়েছে তাদের। তিনি বলেন, আমরা প্রথম ম্যাচে অনেক ভুল করেছি। ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচে ফেরার চেষ্টা করব।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।


