ইমরুল কায়েস, নাসির হোসেন ও সাব্বির রহমানের ব্যাটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪১ রান করেছে মাশরাফি বিন মুর্তজার দল। জয়ের জন্য জিম্বাবুয়েকে করতে হবে ২৪২ রান।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।
আগের ম্যাচে ক্যারিয়ার সেরা ব্যাটিং করা সাব্বির রহমান ফিরে গেছেন ৩৩ রান করে। দুইশ’ পার হওয়ার আগেই প্রথম ছয় ব্যাটসম্যানের বিদায়ে বিপদে পড়েছে বাংলাদেশ।
থিতু হয়ে ফিরে যান তামিম ইকবাল (১৯)। লুক জংউয়ের বলে উইকেটরক্ষক রেগিস চাকাভার গ্লাভসবন্দি হন এই বাঁহাতি ব্যাটসম্যান।
ওভারে ফিরে যান তিন নম্বর ব্যাটসম্যান লিটন দাস। অফ স্টাম্পের বাইরের বল পুল করতে চেয়েছিলেন তিনি। ঠিক মতো পারেননি, বল ব্যাটের কানায় লেগে চাকাভার গ্লাভসে জমা পড়ে।
আবার ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ। আগের ম্যাচে ৯ রান এই ডানহাতি ব্যাটসম্যান এবার ফিরেছেন ৪ রান করে। লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারের বলে চাকাভার গ্লাভসবন্দি হন তিনি।
শুরু থেকেই সাবলীল ব্যাটিং করা মুশফিকুর রহিম ফিরে গেছেন গ্রায়েম ক্রেমারের বলে লুক জংউইকে ক্যাচ দিয়ে। এগিয়ে এসে কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন আগের ম্যাচে শতক পাওয়া মুশফিক। ব্যাটের কানায় লেগে শর্ট থার্ড ম্যানে সহজ ক্যাচ উঠে যায়।
শন উইলিয়ামসের আগের বলে এগিয়ে এসে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকিয়েছিলেন ইমরুল কায়েস। পরের বলে এগিয়ে এসে লং অফ দিয়ে আবার উড়িয়ে সীমানা ছাড়া করতে চেয়েছিলেন তিনি। এবার ফুলটস বলে গ্রায়েম ক্রেমারের হাতে ধরা পড়ে শেষ হয় তার ৭৬ রানের ইনিংসটি।
ইমরুলের বিদায়ে দল চাপে পড়লেও ষষ্ঠ উইকেটে নাসির হোসেনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সাব্বির রহমান। দুজন মিলে দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু দলীয় ১৯৩ রানে জংউইয়ের অফ সাইডের বাইরের একটি বলে ব্যাট চালাতে গিয়ে চাকাভার হাতে ধরা পড়েন সাব্বির। ফলে নাসিরের সঙ্গে তার ৪২ রানের জুটিও ভেঙে যায়। ৪০ বলে ৪টি চারের সাহায্যে ৩৩ রান করেন সাব্বির।
প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটি নিজেদের করে নেবে মাশরাফি বিন মুর্তজার দল। সেই সঙ্গে ঘরের মাঠে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে নবম দ্বিপক্ষীয় সিরিজও নিশ্চিত হবে।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে বাকি ম্যাচগুলো খেলতে হবে বাংলাদেশকে। স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর জেনে রোববার রাতেই জরুরি ভিত্তিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়াল দেন সাকিব। দুবাই বিমানবন্দরে অপেক্ষার সময়ই বাবা হওয়ার খবরটি জেনেছেন তিনি।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন। সাকিবের জায়গায় দলে এসেছেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। বিশ্বকাপের পর এই প্রথম দেশের হয়ে ওয়ানডে খেলছেন তিনি।
জিম্বাবুয়ে দলেও একটি পরিবর্তন। আগের ম্যাচে চোট পাওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিচমন্ড মুতুমবামির জায়গায় দলে ফিরেছেন রেগিস চাকাভা।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), চামু চিবাবা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, লুক জংউই, গ্রায়েম ক্রেমার, তিনাশে পানিয়াঙ্গারা, তাউরাই মুজারাবানি ও মেলকম ওয়ালার।


