পাঁচ বছর আগে ময়মনসিংহের মুক্তাগাছায় আট বছরের শিশু ফরহাদ হত্যা মামলার রায় পাওয়া গেছে। রায়ে ছয় জনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ জহিরুল কবির এই রায় ঘোষণা করেন।
ফাঁসিরদণ্ডপ্রাপ্ত ৬ আসামি হলেন- সাহেব আলী, আব্দুল কদ্দুস, ইব্রাহিম, আব্দুল মজিদ মধু, মোনাজাত আলী ওরফে মন্তা ও মো. জুয়েল।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন, কমলা খাতুন নামে এক নারী।
আসামিদের মধ্যে পলাতক সাহেব আলী ছাড়া সবাই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০১০ সালের ৭ মে তারা আইয়ুবের ছেলে ফরহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিন দিন পর বাড়ির পাশের পুকুর পাড়ে ফরহাদের লাশ পেয়ে পুলিশে খবর দেয় পরিবার।
এ ঘটনায় ফরহাদের বাবা মুক্তাগাছা থানায় সাত জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই সাতজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়। বাদীপক্ষে ১৮ জনের সাক্ষ্য শোনার পর বিচারক সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।


