ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন বলে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বছর ভর্তির যোগ্য বলে বিবেচিত হয়েছেন ছয় হাজার ১৭১ জন। যোগ্য বিবেচিত এই শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের এক হাজার ৪৬৫টি আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
গত শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের এই ভর্তি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নিতে ভর্তিচ্ছু মোট ৯০ হাজার ১৩১ জন ছাত্রছাত্রী আবেদন করে ৬২ হাজার ৭৮ জন পরীক্ষায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকেও ফল জানা যাবে। এছাড়া বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল মোবাইল থেকে DU স্পেস GHA স্পেস রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য বিবেচিত শিক্ষার্থীরা ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিষয়ের ‘পছন্দক্রম’ পূরণ করতে পারবেন।
কোটায় যোগ্য বিবেচিতদের ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।


